খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় মোট ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রেমম্রাসো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত এবং ১০টি জীবিত ছিল।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালায়। এ সময় গুইসাপ ভর্তি পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। পরে জীবিত গুইসাপগুলো খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয় এবং মৃত গুইসাপগুলো মাটিচাপা দেওয়া হয়।
আটক প্রেমম্রাসো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বারইয়ারহাট থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়িতে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। তিনি আরও জানান, স্থানীয় বাজারে প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন বিভাগ বাদী হয়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করবে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে। কেউ বন্যপ্রাণী ধরতে বা শিকার করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বন বিভাগ কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
রিপোর্টারের নাম 






















