ইয়েমেনে গত বছর পরিচালিত মার্কিন বিমান হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর স্বীকার করেছে পেন্টাগন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ১২ পৃষ্ঠার এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো তিনটি পৃথক সামরিক অভিযানে এসব প্রাণহানি ঘটে।
পেন্টাগনের নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৬ এপ্রিল রাজধানী সানায় একটি বিমান হামলায় ৫ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এরপর ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে ভয়াবহ হামলায় ৮০ জন এবং ২৮ এপ্রিল সাদার কাছে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৪৭ জন নিহত হন। এসব হামলায় নিহতের পাশাপাশি আরও অন্তত ২৪৩ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, সে সময়ে পরিচালিত আরও ১৫টি সামরিক অভিযানের বিষয়ে তদন্ত চলছে। সেসব অভিযানেও বেসামরিক হতাহতের বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সেই তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনার অধীনে রয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















