শখের বসে বা অপ্রাসঙ্গিক নামে খোলা পুরোনো জি-মেইল অ্যাকাউন্ট নিয়ে যারা পেশাগত জীবনে বিড়ম্বনায় পড়তেন, তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে গুগল। এখন থেকে পুরোনো অ্যাকাউন্ট ও এর ভেতরের সব তথ্য ঠিক রেখেই ব্যবহারকারীরা তাদের ই-মেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ পাবেন। এর ফলে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা কমবে।
গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে পুরোনো অ্যাকাউন্টের সব ডাটা ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে নতুন ঠিকানায় সংরক্ষিত থাকবে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল সেটিংসের ‘পার্সোনাল ইনফো’ বিভাগ থেকে এই পরিবর্তন করতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে; একজন ব্যবহারকারী বছরে মাত্র একবার এবং একটি অ্যাকাউন্টে সর্বমোট তিনবার ইউজারনেম পরিবর্তন করতে পারবেন।
ঠিকানা পরিবর্তনের পর পুরোনো জি-মেইল আইডিটি পুরোপুরি মুছে যাবে না, বরং এটি অ্যাকাউন্টের সঙ্গে ‘অ্যালিয়াস’ হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরোনো ঠিকানায় কেউ মেইল পাঠালে সেটিও ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছাবে। টেক জায়ান্ট গুগল ধাপে ধাপে বিশ্বজুড়ে এই ফিচারটি উন্মুক্ত করছে।
রিপোর্টারের নাম 




















