তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে কাতার। দোহার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে—এমন যেকোনো উদ্যোগকে কাতার ইতিবাচকভাবে দেখে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কাতারের কৌশলগত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারে—এমন সব উদ্যোগকে কাতার সব সময় সমর্থন করে। তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব, যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে গভীর সমন্বয় প্রয়োজন।
সম্প্রতি মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় তিন দেশ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষাই এর মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 


















