কিশোরগঞ্জের কুলিয়ারচরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সোমবার দুপুরে কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানগুলোতে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশনের দুই অর্থবছরে মোট ২ লাখ ১৯ হাজার ২৮৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এছাড়া, একটি ওয়ার্কশপের ৪৮ হাজার ৮১ টাকা, একটি পোল্ট্রি ফার্মের ১ লাখ ৮ হাজার ৫৮১ টাকা এবং দুটি কয়েল ফ্যাক্টরির মোট ৫ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা বকেয়া বিল পাওয়া যায়। সব মিলিয়ে এই পাঁচটি প্রতিষ্ঠানের মোট বকেয়া বিল ৯ লাখ ৪৬ হাজার ৯২৪ টাকা।
কুলিয়ারচর আবাসিক প্রকৌশলী মো. তৌহিদুল হাসান জানান, দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে তারা প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং বকেয়া বিল পরিশোধের পর নিয়ম অনুযায়ী সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিক সাড়া দিতে হয় প্রতিষ্ঠানটির কর্মীদের, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























