চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে কর্মরত এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী শিশু সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে হোটেলের ‘রিলেক্স জোন’ আবাসিক হোটেলের ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন আমিনুল ইসলাম। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার কক্ষের দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান। পরে কক্ষের ভেতর থেকে স্ত্রী তাহমিনা রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দিলে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। শিশুটিও একই কক্ষে ছিল।
হোটেল ম্যানেজার সোহান জানান, তারা রোববার দুপুরে কক্ষ ভাড়া নেন এবং বিকেল ও রাতে দুবার বাইরে বের হন। রাতে কোনো অস্বাভাবিক শব্দ বা চিৎকার শোনেননি তিনি।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একই কক্ষে স্বামীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। রোববার দুপুরে তারা কক্ষ ভাড়া নিয়েছিলেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, সন্তানের জন্মনিবন্ধন করানোর কথা বলে আমিনুল স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু বাড়ির পাশের একটি হোটেলে রাত কাটানোর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপোর্টারের নাম 



















