রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। একই সঙ্গে, তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। গত ২১ জুলাই, গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। মামলায় আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ এবং রাকিবুল হাসান নামে আরও চার সহযোগীকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সংসদ সদস্যের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ওবায়দুর রহমানের ওপর ক্ষুব্ধ হন গাজী নজরুল। ওবায়দুরের দাবি, তিনি সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করেছিলেন এবং ভিডিও ফাঁসের পেছনে তার হাত রয়েছে— এমন সন্দেহে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। উল্লেখ্য, ওবায়দুর রহমান সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর আপন মামা।
এর আগে, এক তরুণীর সঙ্গে গাজী নজরুলের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই ঘটনায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হলে জামায়াত ঘটনাটি তদন্ত করে। তদন্তে নজরুলের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
রিপোর্টারের নাম 
























