দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির পথ প্রশস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে তা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এবং দলীয়করণের রাজনীতিকে উৎসাহিত করবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধার ভিত্তিতে, কোনোভাবেই স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে নয়। শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি।’
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আর শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























