বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সংগঠনটি সহমর্মিতা প্রকাশ করেছে।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
ছাত্রদল তাদের বিজ্ঞপ্তিতে তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে। তারা আশা ব্যক্ত করে যে, আগামী দিনে এই তরুণরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। সংগঠনটি তরুণদের রাজনীতিবিমুখ না হয়ে বরং রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো দেশীয় বা আধিপত্যবাদী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ছাত্রদল।
রিপোর্টারের নাম 
























