কসোভোর পার্লামেন্ট অধিবেশনে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার অধিবেশন চলাকালে এই বিশৃঙ্খলার পর পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।
পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন এবং এরপর প্রধানমন্ত্রীর দিকে একটি ডিম ছুড়ে মারেন। ঘটনার প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, কসোভোর সংসদে বিশৃঙ্খলা নতুন ঘটনা নয়। কুর্তির নেতৃত্বাধীন বামপন্থী ‘ভেতেভেনদোসজে’ (ভিভি) দল অতীতেও সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন এবং এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতর একই ধরনের নজিরবিহীন প্রতিবাদ ঘটেছিল।
রিপোর্টারের নাম 




















