২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ। এই বছর জিপিএ-৫ অর্জন করেছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। ফলাফলে দেখা গেছে, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির উভয় ক্ষেত্রেই ছাত্রীদের তুলনায় ছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।
সোমবার সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ হলেও, ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশে পৌঁছেছে। জিপিএ-৫ প্রাপ্ত ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে ছাত্র রয়েছে ৬ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ৭ হাজার ১৫২ জন।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাসের হার অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টি, যা গত বছরের ৪৮টি থেকে কমে এসেছে। অন্যদিকে, শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ১৩টি।
ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মো. জহিরুল ইসলাম প্রামানিক, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম বাবুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















