চাঁদপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা (র্যাবিস ভ্যাকসিন) ও নরমাল স্যালাইন না পাওয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে বদলির নির্দেশ দিয়েছিলেন। তবে, দুই ঘণ্টার ব্যবধানে তিনি সিদ্ধান্ত থেকে সরে এসে সিভিল সার্জনকে ক্ষমা ও সতর্ক করে দিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি সেবার মান ও ওষুধের মজুত সম্পর্কে খোঁজ নেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালটিতে প্রয়োজনীয় ওষুধের সংকটের বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিশেষ করে প্রায় এক মাস ধরে র্যাবিস ভ্যাকসিন ও নরমাল স্যালাইন (এনএস) না থাকার বিষয়টি তাকে জানানো হয়। এরপর মন্ত্রী মন্ত্রণালয়ে ফোন করে চাঁদপুরের সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলির নির্দেশ দেন।
পরে দুপুর দেড়টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান এবং সেখানে একটি বৈঠকে অংশ নেন। বৈঠকে সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় এলে ভ্যাকসিনের সংকট নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল বলে মন্ত্রীকে জানানো হলে তিনি আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। একই সঙ্গে সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করে নেন। চাঁদপুর ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, মতলব দক্ষিণ এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটিকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং এ দুটি হাসপাতালে দুটি আধুনিক ভবন নির্মাণ করা হবে।
রিপোর্টারের নাম 

























