বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুরের ঘটনায় ৪২ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত ৪২ জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে তাদের লিখিত জবাব জমা দিতে হবে। তিনি আরও জানান, হলগুলো থেকে প্রাপ্ত লিখিত অভিযোগ এবং ঘটনার সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। এখন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।
প্রক্টর বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে দুটি কমিটি কাজ করছে। শোকজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে তদন্তে কেউ সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনায় জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা পড়েনি, সেটি পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, ব্যক্তিগত বিরোধের জেরে আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরবর্তীতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন আহত হন। সর্বশেষ গত ২ আগস্ট রাতে চারটি হলের শিক্ষার্থীরা পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব ঘটনায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের পাশাপাশি হলের গেট, জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা এবং বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
রিপোর্টারের নাম 



















