কয়েকদিনের বিরতির পর আগামী সোমবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং এরপর বুধবার থেকে দক্ষিণাঞ্চলে তা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, আগামী ১৩ আগস্ট বা তার কাছাকাছি সময়ে মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সোমবার থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পরবর্তীতে তা দক্ষিণাঞ্চলের দিকে সরে যাবে।
তিনি আরও বলেন, ১৩ আগস্ট বা তার পরদিন মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপ ঘনীভূত হলে তা সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘটাতে পারে।
এর আগে, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছিলেন যে, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কম থাকলেও ১২ বা ১৩ আগস্ট থেকে তা আবার বাড়বে। এরপর ১৫ আগস্ট থেকে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়ে কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে, রাজধানী ঢাকায় ১৫ তারিখের আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন।
সংস্থাটি আরও জানায়, বর্ষার মাস শ্রাবণে দেশে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকলেও গত কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। রোববার রাজধানীতে সামান্য বৃষ্টি রেকর্ড করা হলেও, সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৯৯ মিলিমিটার। এদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ছিল না বললেই চলে। দেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে সোমবার দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
রিপোর্টারের নাম 



















