ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ স্ট্রোক করেন সায়মন। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সায়মনের সহপাঠী সৌরভ জানান, তার বন্ধু জাহিদুল ইসলাম সায়মন সকালে ঘুমানোর সময় খাট থেকে পড়ে যান। পরে দেখা যায় তার শরীর শক্ত হয়ে গেছে। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় রবিবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমাকে জানানোর পর তৎক্ষণাৎ আমরা আইসিইউর ব্যবস্থা করি। চিকিৎসকরা তার দেখাশোনা করেছেন। তারা বিশ্লেষণ করে বলেছেন, আরো উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা দরকার। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই আমরা এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের প্রতি তিনি সায়মনের জন্য দোয়া চেয়েছেন।
রিপোর্টারের নাম 























