জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের জোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল অধিবেশনে দলের শীর্ষ নেতারা এই দাবি উত্থাপন করেন।
জমিয়ত নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, ইসলামি শরিয়ত অনুযায়ী যেকোনো ব্যক্তির ভাস্কর্য নির্মাণই অবৈধ। তাই ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের স্মৃতি রক্ষার্থে নির্মিত জাদুঘরে কোনো ওলামা বা রাজনৈতিক নেতার ভাস্কর্য স্থাপন করা ধর্মীয় অনুভূতির পরিপন্থী।
অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান নির্বাচিত সরকার দায়বদ্ধ। তবে এই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, যা দুঃখজনক।
দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আলী রীয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশনের উচিত ছিল সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া। তিনি সতর্ক করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ সুগম করতে পারে। তাই এই মুহূর্তে কোনো বিভেদ নয়, বরং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রিপোর্টারের নাম 






















