বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি বলেছেন, বিএনপি কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি করে না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর এবং জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও সেবার মাধ্যমেই জনগণের আস্থা ধরে রাখতে হবে। যদি আমরা ব্যর্থ হই, তবে আগামী দিনে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে নির্বাচিত করবে।
বিরোধী দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে শরিফুল আলম বলেন, একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা স্বৈরাচারী প্রেতাত্মাদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
রিপোর্টারের নাম 
























