রাজধানীতে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই প্রদর্শনী মূলত বিগত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে জনগণের আন্দোলনের ইতিহাস তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমানকে কোনোভাবেই স্বৈরাচারী শাসক হিসেবে বিবেচনা করা হয় না বলেই তার নাম বা ভাষণ এই তালিকায় রাখা হয়নি।
শনিবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত ওই প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত আমির। তিনি বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকার করা উচিত। প্রদর্শনীতে ইতিহাসকে নির্মোহ ও বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত দমন-পীড়ন এবং জুলাই বিপ্লবের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়েই দেশ আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। এই মুক্তি ও ন্যায়বিচারের লড়াইয়ে যারা ভূমিকা রেখেছেন, তাদের অবদান সবসময় স্মরণীয় থাকবে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























