সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে অন্যতম বাউলশিল্পী পেহেলী ভৈরবী কিশোরগঞ্জের বাসিন্দা। তিনি সিলেটের বিশ্বনাথে একটি বাউল অনুষ্ঠানে গান গেয়ে ইউনিক পরিবহনের বাসে করে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক বিষয় হলো, মৃত্যুর মাত্র একদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, যা এখন তার শেষ স্মৃতিতে পরিণত হয়েছে। দুর্ঘটনায় নিহত অন্যদের মধ্যে রয়েছেন সিলেটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী শিশু কন্যা জাইফা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে সিলেটমুখী দুটি বাসের মধ্যে তীব্র সংঘর্ষে বাস দুটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রিপোর্টারের নাম 
























