চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসরাফ (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আমিরবাদ সদর ইউনিয়নের নেয়াজেরটেক এলাকার তা’লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার কলাউজান ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওমর ফারুকের পুত্র এবং ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় বল মাদরাসার টিনের চালে পড়ে যায়। ফরহাদ বল আনতে চালে উঠলে সেখানে বিদ্যুৎ তারের সাথে টিনের সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























