রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। বৃষ্টি উপেক্ষা করে তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পীর গান উপভোগ করতে উপস্থিত হন। কেউ ছাতা মাথায়, আবার কেউ বৃষ্টিতে ভিজেই মেতে ওঠেন সুরের মূর্ছনায়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উদযাপনের লক্ষ্যে বুধবার এই কনসার্টের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি ঝরলেও, বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে এবং সন্ধ্যা নাগাদ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্য-সচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মাধ্যমে কনসার্ট শুরু হয়। মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা থাকলেও, পেছনে ব্যারিকেডের উল্টো পাশে অসংখ্য তরুণ-তরুণীর ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী-শিশুসহ নানা বয়সের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে, আর গানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে সব প্রাণে।
ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় স্মরণ করে এমন একটি কনসার্ট আয়োজন করায় অনেকে পরিবার নিয়ে এসেছেন বলে জানান। দেশের সেরা সংগীত শিল্পী ও ব্যান্ড দলগুলোর মধ্যে শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফার পাশাপাশি পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবর ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এই কনসার্টে সংগীত পরিবেশন করেন।
বর্ষা বিপ্লবের গান কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য।
রিপোর্টারের নাম 























