তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে নবনির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার মহাখালীর নিপসম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান নির্বাচিত সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সঠিক বিনিয়োগের অভাব এবং জনবল ব্যবস্থাপনায় চরম অবহেলার কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই ভগ্নদশা কাটিয়ে উঠতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রী নিপসমকে নির্দেশ দেন যেন সাভারের ইনস্টিটিউটটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ম্যানেজমেন্ট ট্রেনিং প্রদান করে। তিনি আরও বলেন, কেবল কেন্দ্রীয়ভাবে নয়, মাঠ পর্যায়ের তথ্য ব্যবহার করে স্থানীয় পর্যায়েই স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম চালুর পরামর্শ দিয়ে ড. মুহিত বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বাছাই করে ৩ থেকে ৬ মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে দেশে দক্ষ গবেষক তৈরি হবে এবং স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে।
নিপসম পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান সরকারের এই উদ্যোগকে স্বাস্থ্য খাতের সংস্কারের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 

























