ঝালকাঠিতে আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির দলীয় অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত ইউনিয়ন বিএনপির এক সাংগঠনিক সভায় এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুর রহিম মিয়াকে ওই সভায় প্রধান অতিথিসহ অন্যান্য নেতারা ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান ও সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক। বরণ করার পর আওয়ামী লীগের এই নেতাকে মঞ্চে বিএনপি নেতাদের পাশেই আসন গ্রহণ করতে দেখা যায়।
এ সময় কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল ও সাধারণ সম্পাদক শরিফুল হক মিঞাসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের একজন সক্রিয় নেতাকে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের সভায় এভাবে বরণ করে নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন না সাধারণ কর্মীরা।
তবে এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান দাবি করেছেন, আবদুর রহিম মিয়াকে দলে নেওয়া হয়নি। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে তাকে দলে অন্তর্ভুক্ত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত খবরটি সঠিক নয়।
রিপোর্টারের নাম 























