ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরাসরি নির্বাচনী লড়াইয়ে না নেমে একটি শক্তিশালী ‘প্রেশার গ্রুপ’ বা চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে কাজ করার পরিকল্পনা করছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বুধবার মহারাষ্ট্রে আয়োজিত এক সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান।
সিজেপি নেতৃত্ব মনে করছে, বর্তমানে ভারতের বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে। এই অবস্থায় তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রখ্যাত পরিবেশবাদী ও অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক এই সংগঠনের মেন্টর হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, বেকারত্ব এবং বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে। বিশেষ করে ঝাড়খণ্ডে সরকারি চাকরিতে অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সংগঠনটি। আপাতত রাজনৈতিক দল গঠনের চেয়ে জনদাবি আদায়ে রাজপথের সক্রিয়তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সিজেপি।
রিপোর্টারের নাম 
























