ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার নামে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব।
জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়। উল্লেখ্য, গত জুলাই মাসেও শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ব্যানারে একাধিকবার এমন ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি দেখেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নানা সমালোচনা করছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 






















