বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিন দিনের বাংলাদেশ সফরের প্রথম দিনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ঘণ্টাখানেকের এই আলোচনায় দুই পক্ষ ঢাকা এবং ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্বসহ সম্পর্কের সামগ্রিক বিষয়, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করেছে।
বৃহস্পতিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। ঢাকায় তাকে স্বাগত জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন দেখার কথা রয়েছে। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্জিও গর।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যুক্ততা এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। উল্লেখ্য, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সার্জিও গর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ঢাকা সফর করেছিলেন।
রিপোর্টারের নাম 



















