লেখক ই জিন ক্যারলের দায়ের করা মানহানি মামলায় ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আইনি দলের পাশাপাশি দেশটির বিচার বিভাগও পৃথকভাবে এই রায় চ্যালেঞ্জ করে আবেদন জমা দিয়েছে।
ট্রাম্পের আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ক্যারলকে নিয়ে করা মন্তব্যগুলো ছিল তার রাষ্ট্রীয় কাজেরই অংশ। ফলে তিনি এ ক্ষেত্রে প্রেসিডেন্টের আইনি দায়মুক্তির সুবিধা পাওয়ার দাবি রাখেন। বিচার বিভাগের ফেডারেল আইনজীবীরা উল্লেখ করেছেন, শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে সরকারি দায়িত্ব পালনকালে করা মন্তব্যের জন্য একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের ব্যক্তিগত আর্থিক দায়ভার বহন করতে হবে।
আবেদনে ‘ওয়েস্টফল অ্যাক্ট’-এর বরাত দিয়ে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় সংঘটিত নির্দিষ্ট কাজের ক্ষেত্রে ফেডারেল কর্মকর্তারা দেওয়ানি মামলায় আইনি সুরক্ষা পেয়ে থাকেন। ট্রাম্পের আইনজীবীরা ২০২৪ সালের ঐতিহাসিক ‘ট্রাম্প বনাম যুক্তরাষ্ট্র’ মামলার রায়ের প্রসঙ্গটিও টেনেছেন, যেখানে প্রেসিডেন্টের ফৌজদারি দায়মুক্তির পরিধি বাড়ানো হয়েছিল। তবে নিউইয়র্কের আপিল আদালত গত বছরই এই যুক্তি খারিজ করে দিয়েছিল। উল্লেখ্য, এল ম্যাগাজিনের সাবেক কলামিস্ট ই জিন ক্যারল দীর্ঘ দিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























