বাংলার ইতিহাসে ঢাকা কবে প্রথম রাজধানী হয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল ও মতভেদ রয়েছে। মুঘল সুবেদার ইসলাম খান চিশতি ১৬০৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ঘোড়াঘাট থেকে ভাটি অঞ্চলের উদ্দেশে যাত্রা করেছিলেন। ঐতিহাসিক মির্জা নাথান তার ‘বাহারিস্তানে গায়েবি’ গ্রন্থে ইসলাম খানের এই অভিযানের বিস্তারিত বিবরণ দিলেও রাজধানী স্থানান্তরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
গবেষকদের একটি বড় অংশ, যার মধ্যে মুনশি রহমান আলী তায়েশ, উইলিয়াম হান্টার এবং আহমদ হাসান দানী রয়েছেন, তাদের মতে ১৬০৮ সালেই ঢাকা রাজধানীর মর্যাদা পেয়েছিল। তারা মনে করেন, ইসলাম খান চিশতির সুবেদার হিসেবে নিয়োগ এবং ঢাকার ভিত্তি স্থাপন একই সময়ের ঘটনা। অন্যদিকে, আরসি মজুমদার ও রিচার্ড ইটনের মতো প্রখ্যাত ইতিহাসবিদদের মতে, ১৬১২ সালে বারো ভূঁইয়াদের চূড়ান্ত পরাজয়ের পরই ঢাকা কার্যকরভাবে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। ৪০০ বছরেরও বেশি সময় আগের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আজও আমাদের জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি।
রিপোর্টারের নাম 
























