সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অহেতুক উত্তেজনা সৃষ্টি করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের পথ সুগম করার যেকোনো ষড়যন্ত্র বিএনপি জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না।
বুধবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন আরও বলেন, বাকস্বাধীনতা মানে অবাধ স্বাধীনতা নয়। কাউকে হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা বা সম্মানহানি করা গণতন্ত্রের শিক্ষা হতে পারে না। তাই ভাষা ও বক্তব্যে সংযত হওয়া উচিত। রাজনীতির মাঠে গালিগালাজ বা উসকানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা গ্রহণযোগ্য নয়। যারা দেশকে বিপদের মুখে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, স্বৈরাচারকে পুনর্বাসনের মিশন নিয়ে যারা মাঠে নেমেছে, তাদের উদ্দেশে বিএনপি স্পষ্ট বার্তা দিতে চায়—বিএনপির ইতিহাস আপোষকামিতার নয়, বরং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইতিহাস। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এবং স্বৈরাচারকে পুনর্বাসনের অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে।
মন্ত্রী উল্লেখ করেন, বিএনপির বর্তমান নেতা তারেক রহমান ১৭ বছর প্রবাসে থেকেও সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। তার অবিচল নেতৃত্ব ও জনগণের ঐক্যবদ্ধতার ফলেই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জনগণের রায়ে সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে। বিএনপির রাজনীতি দেশের মানুষের কল্যাণ, সার্বভৌমত্ব, উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য নিবেদিত।
রিপোর্টারের নাম 



















