ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ এবং বৈষম্যহীন সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীদের একাংশ। তাদের অভিযোগ, নতুন সিট নীতির আড়ালে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে এই কর্মসূচি পালিত হয়। ডাকসু নেতারা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে দিতে প্রশাসনিক ভবনের গেট থেকে মিছিল নিয়ে সিন্ডিকেট সভাকক্ষের সামনে গিয়ে অবস্থান নেন এবং ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘শিক্ষার্থীবান্ধব নীতিমালা, দিতে হবে, দিয়ে দাও’, ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে–দিয়ে দাও’, ‘গণরুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘আবাসনে রিঅ্যাড সমান গণরুম’, ‘গণরুমের ঠিকানা, ঢাবিতে হবে না’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।
এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, ‘আজকে সিন্ডিকেট সভা হতে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি, সভায় সিট নীতিমালা বাস্তবায়ন নিয়ে চক্রান্ত চলছে। গণরুম ও গেস্টরুম ব্যবস্থা পুনরায় বাস্তবায়নের পাঁয়তারা করা হচ্ছে। সেই পাঁয়তারা রুখে দিতেই আমরা সিন্ডিকেট মিটিং ঘেরাও কর্মসূচি দিয়েছি।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা বা রাজনৈতিক বিবেচনা গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে একটি সুস্পষ্ট, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব সিট বণ্টন নীতিমালা প্রণয়ন করতে হবে।
রিপোর্টারের নাম 
























