খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫’ অনুযায়ী তাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরের বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি প্রচলিত সকল সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনে রাষ্ট্রপতি এই নিয়োগ যেকোনো সময় বাতিল করার ক্ষমতা রাখেন।
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বর্তমানে বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বেও তিনি বিভাগীয় প্রধান ও বিভিন্ন কেন্দ্রের পরিচালক হিসেবে প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
রিপোর্টারের নাম 
























