ফেনীর ছাগলনাইয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে দীঘির পানিতে ডুবে ১৪ বছর বয়সী সিমরান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আনন্দের মুহূর্ত পরিণত হয়েছে আজীবনের বিষাদে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছে পরিবার।
নিহত সিমরান ফেনী সদর উপজেলার লালপুর এলাকার শিপন ও খোদেজা দম্পতির একমাত্র ছেলে। তিন বোনের একমাত্র ভাই সিমরান নানার বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগাহাট এলাকায় বেড়াতে এসেছিল।
সোমবার বিকেলে বাড়ির পাশের কৈয়ারা দীঘিতে মাছ ধরতে গিয়ে সিমরান ককসিটের তৈরি একটি ভেলায় চড়ে দীঘির মাঝখানে চলে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১৪ বছর বয়সে একমাত্র সন্তানকে হারিয়ে সিমরানের বাবা-মা ও স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ হৃদয়বিদারক হয়ে ওঠে। সিমরানের অকাল মৃত্যুতে দারোগাহাট এলাকাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 























