রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে মাগুরা ও ঝিনাইদহ থেকে চার পেশাদার শুটার ভাড়া করেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। তবে পরিকল্পিত ওই হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হন যুবদল কর্মী মো. ইউসুফ। এই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন—চঞ্চল, জিহাদ মোল্লা (৩০), জিয়ারুল মোল্লা (৩৯), মাসুম বিল্লাহ (২৮), নাহিদ হাসান (২১), আবির হাওলাদার (২৫), আলী হোসেন (৪৫) এবং শাফিন আহমেদ (২২)।
ডিবি জানায়, গত ২৩ জুলাই কাফরুল থানার ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হন। একই সময়ে সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলার পর পালানোর সময় স্থানীয় জনতা অস্ত্রধারী চঞ্চলকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
তদন্তে ডিবির দাবি, স্থানীয় ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ব্যবসা এবং একটি টিনশেড বাড়ির দখলকে কেন্দ্র করে সিএনজি হাফিজের সঙ্গে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই বাবুকে হত্যার পরিকল্পনা করা হয়। ডিবির ভাষ্য অনুযায়ী, গত ২৯ জুন প্রথম দফায় হত্যাচেষ্টা চালানোর প্রস্তুতি নেওয়া হলেও অস্ত্রে মিসফায়ারের কারণে তা ব্যর্থ হয়। পরে ২২ জুলাই অভিযুক্তরা ঢাকায় এসে মিরপুর-২ এলাকার একটি হোটেলে ওঠেন এবং ২৩ জুলাই রাতে পরিকল্পনা অনুযায়ী হামলা চালান।
পুলিশের দাবি, ঘটনার রাতে বাবুর অফিসের সামনে অবস্থান নেওয়া সন্দেহভাজনদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের মিরপুর-১০ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়। পরে তল্লাশির চেষ্টা করা হলে একজন অস্ত্র বের করে ইউসুফকে গুলি করে। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আরও দুজন আহত হন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, তদন্তে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 
























