যশোর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উন্নয়ন, মনোযোগ বৃদ্ধি এবং ব্যক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘রাইজ অ্যান্ড থ্রাইভ’-এর উদ্যোগে একটি বিশেষ মাইন্ড প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রথম বর্ষের ১০৩ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হানোনাত মো. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘রাইজ অ্যান্ড থ্রাইভ’-এর প্রতিষ্ঠাতা, মাইন্ড প্রোগ্রামার ও সোশ্যাল সাইকোলজিস্ট মো. হামিদুল হক। তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন।
কর্মশালায় মানব মস্তিষ্কের কার্যপ্রণালি, স্মৃতিশক্তি উন্নয়নের আধুনিক কৌশল এবং কার্যকর শেখার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে মাইন্ড প্যালেস পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্ক্যান মেমরি কৌশলের ব্যবহার, দ্রুত শেখা এবং দীর্ঘ সময় তথ্য মনে রাখার বিভিন্ন ব্যবহারিক অনুশীলন করানো হয়। এছাড়াও, মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক চাপ মোকাবিলা, মনোযোগ বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং কার্যকর অধ্যয়ন পদ্ধতি নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নিউরোপ্লাস্টিসিটি-ভিত্তিক মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, আত্মবিশ্বাস বৃদ্ধি, হতাশা ও হীনমন্যতা কাটিয়ে ওঠা এবং মানসিক প্রশান্তি অর্জনের বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব বিষয়ে ব্যবহারিক অনুশীলনের সুযোগ পান। বক্তারা বলেন, একজন চিকিৎসকের পেশাগত দক্ষতার পাশাপাশি সুস্থ মানসিকতা, তীক্ষ্ণ স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের এসব দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রচলিত একাডেমিক শিক্ষার বাইরে এই কর্মশালা থেকে নতুনভাবে শেখার কৌশল, আত্মউন্নয়ন এবং মানসিক সুস্থতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন বলে জানান।
রিপোর্টারের নাম 
























