ফরিদপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া জেলার সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২২ মে বিকেলে ওই শিশুটি বাড়ির পাশের সবজির ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী শওকত মিয়া তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন পাটক্ষেতে ধর্ষণ করে, যার ফলে শিশুটির শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সালথা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৫ অক্টোবর পুলিশ আসামি শওকত মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট অর্চনা দাস সংবাদ মাধ্যমকে জানান, মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর ২২ ধারায় জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা (আইও) এবং সাক্ষীদের প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ আদালতে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সার্বিক সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামির বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























