শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) হলগুলোর খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ৪ সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য তাদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দপ্তর সম্পাদক তারেক রহমান। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জরুরি সিন্ডিকেট সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত দুই ছাত্রনেতার আবাসিক হলের সিটও আজীবনের জন্য বাতিল করা হয়েছে।
সিন্ডিকেটের এক সদস্য জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 




















