জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক এক গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের হার কমিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অধিবেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, কেবল প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়, বরং সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে এসব প্রতিষ্ঠানের কার্যকর প্রয়োগ ও সমন্বয় নিশ্চিত করতে হবে। সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে তিনি দেশের জন্য এক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, শিক্ষা ও পরিবেশসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মধ্যে কাজের সুষ্ঠু সমন্বয় এবং দায়িত্বের স্পষ্ট বিভাজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শেখ রবিউল আলম আরও বলেন, স্থানীয় সরকার এবং বেসরকারি খাতের পাশাপাশি তরুণ সমাজ ও নাগরিক সমাজকে সড়ক নিরাপত্তা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। তবে এই সকল উদ্যোগকে অবশ্যই একটি শক্তিশালী সরকারি কাঠামোর অধীনে পরিচালিত হতে হবে। উল্লেখ্য, এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেতুমন্ত্রী। প্রতিনিধি দলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
রিপোর্টারের নাম 





















