কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনকে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি সংবলিত একটি চিরকুট পাঠানো হয়েছে। এই নজিরবিহীন ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় ফারুক হোসেনের স্ত্রীর মালিকানাধীন একটি চিকিৎসালয়ের ঠিকানায় এস এ পরিবহনের মাধ্যমে পার্সেলটি আসে। পার্সেলের প্রেরক হিসেবে আশুগঞ্জের ‘হরিদাস’ নামক এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছিল। পার্সেলটি খোলার পর তার ভেতর এক গজ সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি এবং একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে তাকে এক মাসের মধ্যে ভৈরব ছাড়ার আলটিমেটাম দিয়ে ভয়ংকর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কর্মকর্তা ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তার ধারণা, এই আপসহীন অবস্থানের কারণেই কোনো স্বার্থান্বেষী মহল তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করতে এই পথ বেছে নিয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং পার্সেল প্রেরকের মোবাইল নম্বরের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 























