গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর পৌর এলাকার আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা।
আলহাজ ধনাই বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বেপারী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং সেটির সঠিক পরিচর্যা করার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 




















