গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং তার সম্মানিত স্ত্রীদের নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে সর্বস্তরের জনগণ এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এবং নবীজি সম্পর্কে অশ্লীল মন্তব্যকারী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন।
মঙ্গলবার বেলা ১১টায় কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের বাসিন্দা জগলুল হায়দার শাহিন ফেসবুকে মহানবী (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে আপত্তিকর পোস্ট করেন, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে এলাকাবাসীর প্রতিবাদের মুখে কাশিয়ানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সমাবেশে ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম বলেন, ‘সারা দেশে কিছুদিন পরপর এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকে, যা ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এই বিক্ষোভ শুধু কাশিয়ানীতে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে ছড়িয়ে পড়বে।’
বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসময় এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা এবং তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশ থেকে সামাজিক স্থিতিশীলতা বিনষ্টকারী দেশীয় কুচক্রী এবং এদের মদতদাতা বিদেশি শক্তির ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
রিপোর্টারের নাম 

























