ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এবারের প্যাকেজে হজযাত্রীদের বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩৭ হাজার টাকা কম।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজ দুটির বিস্তারিত তুলে ধরেন। ঘোষিত ‘হজ প্যাকেজ-১’-এর মোট খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে, সাশ্রয়ী মূল্যের ‘হজ প্যাকেজ-২’-এর জন্য হাজিদের ব্যয় করতে হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মন্ত্রী জানান, হজ গমনেচ্ছুদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কত হবে, তা বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আনুষ্ঠানিকভাবে জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 





















