মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাস্তা পারাপারের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























