পবিত্র কোরআনের সঠিক তাফসির চর্চা ও প্রসারে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাবান মুফাসসির তৈরি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে বিভক্ত থাকবে। ‘ক’ গ্রুপে ৩০ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ৪০ বছর বয়স পর্যন্ত শিক্ষক, ইমাম ও গবেষকরা অংশ নিতে পারবেন। বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে মোট ৯ লাখ টাকার বিশাল পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়নরা পাবেন ২ লাখ টাকা করে। এছাড়া বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের জন্যও আর্থিক পুরস্কার ও সনদপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আরবি ভাষায় পারদর্শিতা এবং কোরআনের মৌলিক জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























