ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র ৪০ সেকেন্ডের এক আকস্মিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রাম। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বয়ে যাওয়া এই শক্তিশালী ঝড়ে গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বিকট শব্দে হঠাৎ শুরু হওয়া এই টর্নেডোতে অন্তত ২০টি ঘরবাড়ি, শতাধিক গাছপালা এবং চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ে ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, তাদের জীবনে এত অল্প সময়ের মধ্যে এমন বিধ্বংসী ঝড় তারা আগে কখনো দেখেননি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে সহায়-সম্বল হারিয়ে অনেকে এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























