টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার দুর্গতদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়।
রোববার লামা পৌরসভার মধুঝিরিস্থ কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, লবণ, বিশুদ্ধ পানি, বিস্কুট এবং ভোজ্যতেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিসের ফাইন্যান্স ম্যানেজার রেমন্ড গমেজ, প্রকল্প সমন্বয়ক এস. এম. মনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পৌরসভার বাসিন্দা মফিজা খাতুন, আমির হোসেন, আমেনা বেগমসহ অনেকে জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তাদের মতো বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন সংকটময় মুহূর্তে এই মানবিক সহায়তা তাদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।
কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 

























