আগামী ডিসেম্বর থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইরানের মহান এয়ার প্রথমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার কথা বিবেচনা করছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও ভ্রমণ সংযোগকে আরও সহজ করবে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে বাংলাদেশি দূত জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের সুপারিশে তিন–চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে, এতে ব্যবসায়িক ভ্রমণ দ্রুত হবে।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে সক্ষম। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।
হাইকমিশনার জানান, যাত্রীবাহী ফ্লাইটের পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হলেও চাহিদা বাড়ায় এবার সরাসরি কার্গো রুট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল শিগগির বাংলাদেশ সফরে আসবে। ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির এই দল বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবে।
রিপোর্টারের নাম 



















