চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে ধান রোপণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফকিরাচাঁন গ্রামের মাদার্শার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পূর্ব ভূজপুর গ্রামের মিরের খিল এলাকার মো. ইউনুস (৪৫) ও মো. আবুল হাশেম (৪৭)। তারা পেশায় কৃষক ছিলেন এবং ঘটনার সময় মাঠে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচজন কৃষক মিলে জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে সরাসরি কর্দমাক্ত জমিতে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই কৃষক প্রাণ হারান, তবে বাকি তিন কৃষক দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দুর্ঘটনার খবর ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও দীর্ঘ সময় পর্যন্ত কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























