মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত জটিল হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর বিদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরতদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় নিরাপত্তা তথ্য নিয়মিত সংগ্রহ করতে উপদেশ দেওয়া হয়েছে। নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে, যেমন ফ্লাইট বাতিল এবং বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন দূতাবাস কিংবা নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ অবস্থায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
রিপোর্টারের নাম 























