ভারতের উত্তর প্রদেশের কানপুরে সরকারি চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়ে আনন্দ কুমার নামে এক মেধাবী তরুণ প্রকৌশলী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ২৩ বছর বয়সী এই তরুণ গত আগস্টে রাজ্য গভর্নরের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন। পুলিশ জানায়, নিজের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে তিনি তার বাবার কাছে ক্ষমা চেয়ে ব্যর্থতার গ্লানির কথা উল্লেখ করেছেন।
নিহত আনন্দ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পন্ন করার পর প্রায় ৫০ বার বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তিনি দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























