চট্টগ্রামের চকবাজার এলাকার ইন্টারনেট প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেটে (ডিডিএন) ৫০০ টাকা মজুরিতে সন্ত্রাসী ভাড়া করে হামলা চালানোর ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশও একই ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনায় তিনটি ছুরিসহ চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর চিফ কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. হাফিজুর রহমান রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে এই হামলা করিয়েছেন। ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ফোন কলে হুমকির পরপরই ডেভিড ইমন, রাজু, সানি এবং মাইকেল নামে তিন সন্ত্রাসীর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে তাণ্ডব চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাইকেল ওরফে রৌহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সাঞ্জাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮), এবং মো. সাইফুদ্দিন (৩২)।
র্যাব সূত্র জানায়, গত ১১ জুলাই নগরীর চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট’-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে ‘ডেভিড-ইমন’ নামে পরিচয়দানকারী এক সন্ত্রাসী হোয়াটসঅ্যাপে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুরে সন্ত্রাসীরা অফিসে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার, মনিটর, ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এই ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিইও মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ছয় দিনের মাথায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ডেভিড ইমন, সানি, রাজু ও মাইকেলের সহযোগিতায় এই হামলা চালায়। আমরা ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করতে পেরেছি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
রিপোর্টারের নাম 
























